ওঙ্কার ডেস্ক: চ্যানেলে একের পর এক ধারাবাহিক যেমন আসছে, তেমনই শেষ হয়ে যাচ্ছে পুরনো মেগা গুলি। বছর ঘুরতেই এবার ইতি টানছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক। শেষ হচ্ছে ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’র পথ চলা। এই মেগায় জুটি বেঁধেছিলেন তথাগত মুখোপাধ্যায় ও পায়েল দে। বহু বছর পর আবারও একসঙ্গে জুটি হিসেবে দেখা গিয়েছিল তাঁদের। তবে এবার শেষ হচ্ছে তাঁদের একসঙ্গে পথ চলা।
ইতিমধ্যেই শেষ শুটিং হয়ে গিয়েছে এই ধারাবাহিকের। শেষদিনে তারকাদের মন খারাপ তো বটেই। সমাজমাধ্যমে মন খারাপের কথা ভাগ করে নিয়েছেন পর্দার ‘আলো’ ওরফে পায়েল দে। পায়েল জানিয়েছেন, ‘আলো’ চরিত্রে অভিনয় করতে করতে তাঁর মনের খুব কাছের হয়ে উঠেছে এই চরিত্রটি। এছাড়াও, এই চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে সাহায্য করেছেন যে রূপটান শিল্পীরা, তাঁদেরকেও ওই পোস্টে ধন্যবাদ জানিয়েছেন পায়েল।
এই ধারাবাহিকের নিত্য নতুন কাহিনী পছন্দ করেছিলেন দর্শক। প্রতি সপ্তাহেই আলো-রুদ্রর জুটির জনপ্রিয়তা দেখা যেত টিআরপি তালিকায়। এই ধারাবাহিক শেষ হওয়ার খবরে তাই মন খারাপ অনুরাগীদের। গল্পের মোড়ে নতুন রূপে দেখা গিয়েছিল আলোকে। দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী পায়েল দেকে। সিংহ রায় পরিবারের নানা ওঠা-পড়া গল্প নিয়েই এগিয়ে চলছিল এই ধারাবাহিকের গল্প। সিংহ রায় পরিবারের বড়ছেলে রুদ্র সিংহ রায় এবং তাঁর স্ত্রী আলোর মধ্যে টানাপোড়েনের ইতি ঘটেছিল অনেকদিন ‘রুদ্র’র ভূমিকায় তথাগত মুখোপাধ্যায় এবং ‘আলো’র ভূমিকায় পায়েল দের জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে।
প্রসঙ্গত, ধারাবাহিকের শেষদিনের শুটিং হয়ে গেলেও, এখনও শেষ সম্প্রচার বাকি। এই বছর মহালয়ায় দুর্গা রূপে দেখা যেতে চলেছে পায়েল দে’কে। মহাদেব রূপে দেখা যাবে অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে।
