ওঙ্কার ডেস্ক: নিজের আবাসনেও সুরক্ষিত নেই টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র! নিজের বাড়িতেই বিপাকে পড়েছেন অভিনেত্রী। সমাজমাধ্যমে যেহেতু বেশ সরব শ্রীলেখা, তাই নিজের অসুবিধার কথা ভিডিও বার্তায় জানিয়েছেন অভিনেত্রী। কালীপুজোর আগের বহুতল আবাসনের নির্দিষ্ট একটি জায়গায় বাজি বিক্রি হচ্ছে, দেখতে পান শ্রীলেখা মিত্র। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান অভিনেত্রী।
এরপর খবর দেন পুলিশে। অভিযোগ পেয়ে আবাসনে পুলিশ এসেওছিল। কিন্তু তারপর থেকেই নাকি বিভিন্ন সমস্যা শুরু হয়। নিজের আবাসনের রক্ষণাবেক্ষণের জন্য ধার্য খরচ দেওয়া সত্ত্বেও তাঁকে কোনও ধরনের নিরাপত্তা এবং সুযোগসুবিধা দেওয়া হচ্ছে না বলে অভিযোগও জানিয়েছেন তিনি। প্রতিদিন সকালে আবাসনের প্রতিটি বাসিন্দার বাড়ি থেকে আবর্জনা নিয়ে যান সংশ্লিষ্ট এক পুরকর্মী। কিন্তু বেশ কিছু দিন ধরে শ্রীলেখার বাড়ির আবর্জনা নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। ফলে আরও সমস্যায় পড়েছেন তিনি। এই ঘটনার পরেই অভিনেত্রী ঠিক করেন, নিজের ফ্ল্যাটের বাইরে সিসিটিভি ক্যামেরা লাগাবেন। প্রতিবেশীরা এতে আপত্তিও জানাননি।
সেই ঘটনার ভিডিও ভাগ করে শ্রীলেখা বলেন, “সিসিটিভি লাগানোয় আবাসনের ফেসিলিটি ম্যানেজার বলেছেন, আমায় আর কোনও নিরাপত্তা দেওয়া হবে না। বাজি বিক্রি নিয়ে প্রতিবাদ করায় সে দিনও তিনি হুমকি দিয়েছিলেন। কোথা থেকে এত সাহস পান উনি? সব জানা আছে আমার।” শ্রীলেখা ভিডিওতে দেখান নিজেই লোক দিয়ে বাড়ির সামনে পড়ে থাকা আবর্জনা সরিয়ে ফেলছেন তিনি। প্রসঙ্গত, এই ঘটনার পর শ্রীলেখা জানিয়েছেন, সুরক্ষা সংক্রান্ত কোনও অসুবিধার মধ্যে যদি তিনি পড়েন তবে আইনি সাহায্য নেবেন। অভিনেত্রীর এই ভিডিওতে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘ছিঃ একি অসভ্যতা। কিভাবে থাকো এদের সাথে বলো তো ! বর্বর লোকজন সব।’ অন্যএ একজন লিখেছেন, ‘আশ্চর্য তুমি তোমার মানে ফ্ল্যাটের দেওয়ালে সিসিটিভি ক্যামেরা লাগাতেই পারো তোমার সিকিউরিটি পারপাস। সেটা তো ওদের কমন এরিয়ার মধ্যে পড়ে না।
