ওঙ্কার ডেস্ক: আবারও পুরনো জুটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট। স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে প্রথম জুটি বেঁধেছিলেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও অভিনেত্রী শোলাঙ্কি রায়। কিন্তু দর্শক মহলে দারুণ সাড়া পেয়েছিল এই ধারাবাহিক। বিশেষত, গৌরব-শোলাঙ্কির জুটিকে আবারও পর্দায় নতুন রূপে দেখার জন্য অপেক্ষায় ছিলেন তাঁদের ভক্তরা।
বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ায় কানাঘুষো চলছিল, নতুন ধারাবাহিকে ফিরছেন এই রিল লাইফের জুটি। অবশেষে গুঞ্জন সত্যি হল। অ্যাক্রোপলিসের হাত ধরেই স্টার জলসার পর্দায় ফিরছেন গৌরব-শোলাঙ্কি। ইতিমধ্যেই এই ধারাবাহিকের ঘোষণা করেছে চ্যানেল। এবার এলা ও গোরার গল্প বলবেন তাঁরা দু’জন। ‘এলা’র চরিত্রে শোলাঙ্কি আবারও মানানসই। গান, গল্প, কবিতা নিয়েই তার জগৎ। ভালবাসা দিয়ে সবকিছু জয় করতে চায় সে। যার মধ্যে সব সময় কাজ করে ইতিবাচক সত্তা। অন্যদিকে, একেবারে ভিন্ন মেরুরতে বাস করেন ‘গোরা’, এই চরিত্রে রয়েছেন গৌরব। তার কাছে ভালবাসা মানে সময় নষ্ট। গম্ভীর মেজাজের গোরার সঙ্গে কীভাবে মিলবে এলার পথ? কীভাবে এগোবে দু’জনের গল্প? সেটাই দেখার যাবে ধারাবাহিকে।
ধারাবাহিকের ঘোষণা হলেও এখনও পর্যন্ত নাম প্রকাশ হয়নি এই মেগার। তবে সামনে এসেছে এই ধারাবাহিকে নায়ক-নায়িকার প্রথম ঝলক। শান্ত-মিষ্টি মেয়ে ‘এলা’ ও রগচটা ‘গোরা’র চরিত্রে শোলাঙ্কি-গৌরবকে দেখে দারুণ খুশি অনুরাগীরা। প্রসঙ্গত, ‘গাঁটছড়া’ শেষ হতে এই জুটির ফেরার অপেক্ষায় যারা ছিলেন তাঁদের এবার ইচ্ছেপূরণ হল।
