ওঙ্কার ডেস্ক: ফের ঘুরে গেল টিআরপি তালিকায়। চলতি সপ্তাহে বহুদিন পর নিজের হারানো জায়গা ফিরে পেল জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’। ৬.৯ নম্বর পেয়ে প্রথম স্থানে পারুল-রায়ান। দ্বিতীয় স্থানেও রয়েছে চমক! সবাইকে পিছনে ফেলে এগিয়ে এল স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’। মোটামুটি নিজের জায়গা ধরে রাখলেও এই সপ্তাহে বড়সড় চমক দিল এই ধারাবাহিক। তাদের প্রাপ্ত নম্বর ৬.৬। এই সপ্তাহে তৃতীয় স্থানে চলে গিয়েছে ‘পরশুরাম’। শুরু হওয়ার পর থেকেই টিআরপিতে বেশ ভালো জায়গা করেছিল এই ধারাবাহিক। মাঝে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’র দাপটে খানিকটা পিছিয়ে এলেও দর্শকের কাছে ‘সেরা’ই ছিল ‘পরশুরাম’।
চতুর্থ স্থানে রয়েছে দুই ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ও ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। ৬.৪ পেয়েছে যৌথভাবে এই স্থানে রয়েছে দুই ধারাবাহিক। গল্পের নতুন মোড়ে টিআরপিতে এখন বেশ ভালই ফল করতে দেখা যাচ্ছে ‘জগদ্ধাত্রী’কে। তবে কয়েক সপ্তাহ যেতে না যেতেই খেলা বদলেছে! ‘ভবানী’র টিআরপি ধীরে ধীরে কমছে। যদিও গল্পের মোড়ে কী হবে তা নিয়ে আশাবাদী দর্শক। অন্যদিকে, পঞ্চমে রয়েছে ‘ফুলকি’ ও ‘চিরদিনই তুমি যে আমার’। যৌথভাবে দুই ধারাবাহিক পেয়েছে ৬.১ নম্বর। ষষ্ঠ স্থানে রয়েছে ‘দাদামণি’। প্রাপ্ত নম্বর ৫.৯। সোম-পার্বতীর বিয়ের গল্প নিয়ে দারুণ জমেছে এই ধারাবাহিক। সপ্তম স্থানে ৫.৮ পেয়ে রয়েছে ‘চিরসখা’। প্লুটোর মৃত্যুর ট্র্যাকে বেশ সাড়া ফেলেছিল এই ধারাবাহিক। তবে এখন সেই মোড় থেকে খানিকটা অন্যদিকে সরেছে এই মেগা। অষ্টমে রয়েছে এক সময়ের ‘বেঙ্গল টপার’ ‘কথা’। তাদের প্রাপ্ত নম্বর ৫.৫।
নবমে জোড়া ধারাবাহিক, ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘গৃহপ্রবেশ’। যৌথভাবে দুই ধারাবাহিক পেয়েছে ৫.১। এদিকে, অনুরাগের ছোঁয়া নতুনভাবে শুরু হয়েছে। নতুন প্রজন্ম নিয়ে এগোচ্ছে গল্প। তাই নতুন গল্প টিআরপিতে কতটা প্রভাব ফেলবে এখন সেই দিকে নজর দর্শকের। দশমে ৪.৮ নম্বরে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। ধারাবাহিকটি শেষ সপ্তাহেও টিআরপিতে ছাপ ফেলে গেল। গত কয়েক সপ্তাহে এই মেগার সেভাবে দেখা মেলেনি, তবে শেষ সপ্তাহে গল্পের মোড়ে জায়গা করে নিল শ্যামলী-অনিকেত।
