ওঙ্কার ডেস্ক: তাঁর সুরের মূর্ছনায় মাতোয়ারা সারা বাংলা। পেয়েছেন জাতীয় পুরস্কারও। প্লেব্যাক বা লাইভ কনসার্ট, ইমন চক্রবর্তীর গান শোনার জন্য মুখিয়ে থাকেন শ্রোতা অনুরাগীরা। ইমনের গুণমুগ্ধের সংখ্যাও নেহাত কম নয়। স্পষ্টবক্তা হিসেবে বরাবর প্রশংসিতও হয়েছেন গায়িকা। বর্তমানে ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই ইমনের রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন তুঙ্গে!
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবর ভালো সম্পর্ক গায়িকার। তার ওপর এ বছর দীপাবলিতে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় স্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন ইমন। সেখান থেকেই জল্পনার শুরু হয়, ইমন নাকি শিগগিরি রাজনৈতিতে যোগ দিতে চলেছেন! বিশেষ করে তাঁর ভোটে লড়ার গুঞ্জন শুরু হয়েছে। এ প্রসঙ্গে ইমনের মন্তব্য, “স্বামী এবং আমার কাকুকে নিয়ে দিদির বাড়িতে কালীপুজোর দিন গিয়েছিলাম। তিনি আমাদের যেভাবে যত্ন করেছেন, সেটা অভাবনীয়! সাড়া বাড়ি ঘুরিয়ে দেখিয়েছেন। এমনকী নিজে হাতে খাবার এনে দিয়েছেন। আমায় উপহারও দিয়েছেন। তার মানে তো এই নয় যে, উনি আমাকে ভোটে লড়তে বলবেন!”
তবে রাজনীতিতে যোগদানের প্রসঙ্গে গায়িকার মন্তব্য, “আমার কাছে এখনও পর্যন্ত কোনও প্রস্তাব আসেনি।” “প্রস্তাব এলে তখন ভাবব। আর আমি রাজনীতিতে যোগ দিলে নিজেই সকলকে জানাব।” গায়িকা আরও বলেন, মুখ্যমন্ত্রী তাঁর গানের গুণমুগ্ধ শ্রোতা। সবসময়ে তেমন ভালোবাসাই পেয়ে এসেছেন। অতঃপর প্রস্তাব এলে যে তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনার বিষয়ে গুঞ্জন বজায় রাখলেন গায়িকা!
