ওঙ্কার ডেস্ক: বরাবরই রাজ চক্রবর্তী নতুন কিছু করার উদ্যোগ নিয়েছেন। পাশাপশি সুযোগও দিয়েছেন নতুনদের। বড় পর্দায় তাঁর প্রথম ছবিই তৈরি করেছিলেন স্টার পাওয়ার ছাড়াই- ‘চিরদিনই তুমি যে আমার’। দেব এবং জিৎকে সঙ্গে নিয়ে করেছিলেন ‘দুই পৃথিবী’ কিংবা বিদেশের অলি-গলির ডান্স নাম্বার থেকে দেবকে নিয়ে এসেছিলেন উত্তর কলকাতার গলিতে- ‘লে ছক্কা’য় । ‘প্রলয়’ তৈরি করে চমকে দিয়েছিলেন দর্শকদের। তাই পরিচালকের সোশ্যাল মিডিয়াতে যখন একঝাঁক নতুনদের মহড়া দেওয়ার ভূমিকায় দেখা যায়।
এবার শোনা যাচ্ছে, কলেজ ক্যাম্পাসের রাজনীতি নিয়ে ছবি করতে চলেছেন রাজ চক্রবর্তী! সেপ্টেম্বর থেকেই নাকি শুটিং শুরু নতুন ছবির। কিছুদিন আগেই অভিনেতা-সঞ্চালক রোহন ভট্টাচার্যের এই ছবির সঙ্গে যুক্ত থাকার গুঞ্জন শোনা গিয়েছিল। ভিডিও অনুযায়ী কাস্টিং তালিকায় থাকছেন ওম, জন ভট্টাচার্য, দেবদত্ত রাহা, শ্রেয়া ভট্টাচার্য ও অনান্যরা। এবং এও শোনা যাচ্ছে যে, পুলিশ অফিসারের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়কে পাওয়া যাবে এই ছবিতে। এপ্রসঙ্গে যদিও কোনও অভিনেতাই মুখ খুলতে রাজি নন।
জানা গিয়েছে, বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে রাজের এই পরবর্তী ছবি। কলেজ মানেই ব়্যাগিং, পাশাপাশি কলেজে নতুনদের মনের ওপর কীভাবে রাজনৈতিক চাপ প্রভাব বিস্তার করে, সেসব ছাড়াও কলকাতার এক বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অমীমাংসিত ঘটনার উল্লেখ থাকতে পারে বলে ধরে নেওয়াই যায় । পরিচালক হিসেবে রাজ বরাবরই এই ধরনের ছবি করতে পিছপা হননি। শোনা যাচ্ছে তিনি ‘প্রলয়’-এর সিক্যুয়েলও করার প্ল্যান করছেন। তবে সেই প্রজেক্ট বছরের শেষে হতে পারে বলেই খবর।
