ওঙ্কার ডেস্ক: হরিদেবপুর গণধর্ষণকাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত। বৃহস্পতিবার রাতে দেশপ্রিয় পার্কের কাছ থেকে গ্রেফতার করা হয় তাকে। এই ঘটনায় এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে হল দুই।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম দেবাংশু বিশ্বাস। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিল সে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। উল্লেখ্য, এর আগে ১০ সেপ্টেম্বর চন্দন মল্লিক নামের অপর অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রেখেছিল তদন্তকারীরা। চন্দনকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারে ঘটনার পর তারা বারাণসী গিয়েছিল, সেখান থেকে ফেরার পথে বীরভূমের শান্তিনিকেতনে চলে যায় দেবাংশু। শুক্রবার ভোরে টালিগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে এদিন আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর রিজেন্ট পার্ক এলাকায় একটি ফ্ল্যাটে তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগ, প্রাক্তন প্রেমিক চন্দন মল্লিক ও তার বন্ধু দেবাংশু বিশ্বাস জন্মদিনের পার্টিতে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে পরিবারের সদস্যদের গোটা বিষয়টি জানান তিনি। শনিবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ পেয়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। মঙ্গলবার রাতে বর্ধমান স্টেশন থেকে চন্দনকে গ্রেফতার করা হয়।
