ওঙ্কার ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের শৃঙ্গ জয়ের পর নামার সময় মর্মান্তিক পরিণতি দুই ভারতীয় পর্বতারোহীর। নামার সময় দুজনেই মারা গেছেন বলে শুক্রবার নেপালের প্রশাসন জানিয়েছে।
নেপালের এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ঋষি ভান্ডারি সংবাদ সংস্থাকে জানান, নামার সময় একজন পর্বতারোহী অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন। তাঁর কথায়, ‘শেরপা গাইডরা তাঁর জীবন বাঁচাতে এবং তাঁকে ব্যালকনি থেকে সাউথ কোলে উদ্ধার করতে রাতভর চেষ্টা করেন, কিন্তু তা সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি।’
তিনি আরও বলেন, গতকাল সন্ধ্যায় প্রায় একই সময়ে, আরেক পর্বতারোহী অরুণ তিওয়ারি আনুমানিক বিকেল ৫:৩০ মিনিটে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। তিনি বলেন, ‘তাঁর সঙ্গে দুজন অভিজ্ঞ শেরপা গাইড ছিলেন। তাঁরা একসঙ্গে নামার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি হিলারি স্টেপে ক্লান্ত হয়ে পড়েন এবং আমাদের গাইডরা তাঁকে আর ফেরাতে পারেননি।’ খুম্বু আইসফলের দেরির কারণে মাল পরিবহনের কাজে চাপ তৈরি হয়েছে। যার ফলে পর্বতারোহণের মরসুম দেরিতে শুরু হয়েছেয। এর ফলে বুধবার নেপালের দিক থেকে (সাউথ বেস ক্যাম্প) একদিনে রেকর্ড সংখ্যক ২৭৪ জন পর্বতারোহী মাউন্ট এভারেস্টের শৃঙ্গে পৌঁছেছেন। প্রসঙ্গত ১৯৫৩ সালে তেনজিং নোরগে এবং স্যার এডমন্ড হিলারি প্রথমবারের মতো সফলভাবে এভারেস্ট পর্বতটির চূড়ায় আরোহণ করেন। সেটিই ছিল প্রথম এভারেস্ট জয়। তার পর থেকে চলতি বছরে রেকর্ড সংখ্যক পর্বতারোহী এই শৃঙ্গ জয়ের জন্য নাম লিখিয়েছেন।