ওঙ্কার ডেস্ক: তুরস্কের একটি ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। চুল্লিতে ক্রেন পড়ে যাওয়ার পরই ঘটল বিধ্বংসী বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। এই ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। সোমবার পশ্চিম তুরস্কের ইজমির প্রদেশে এই দুর্ঘটনা ঘটেছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইজমিরের আলিয়াগা জেলার ‘হাবাস’ নামের ইস্পাত কারখানায় দুপুরে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বয়লার বদলের কাজ চলাকালীন অসাবধানতাবশত একটি ক্রেন চুল্লির মধ্যে পড়ে যায়। এরপরই প্রবল বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখেন স্থানীয় গভর্নর সুলেমান এলবান। তাঁর প্রাথমিক অনুমান, বয়লার পরিবর্তনের সময়ই এই দুর্ঘটনা ঘটে। তিনি জানান, সেই সময় কারখানায় স্বাভাবিকের তুলনায় কম শ্রমিক উপস্থিত ছিলেন। বয়লার বদলের কাজের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। ফলে সাধারণত ৩০০ জন শ্রমিকের বদলে দুর্ঘটনার সময় সেখানে প্রায় ২০০ জন ছিলেন। এতে হতাহতের সংখ্যা কিছুটা কম হয়েছে বলে মনে করছে প্রশাসন।
বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। উদ্ধারকাজে যোগ দেন মেডিক্যাল টিম এবং অন্যান্য জরুরি পরিষেবার কর্মীরা। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদিকে, দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ঘটনার পিছনে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। কারখানার দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট।