ওঙ্কার ডেস্ক: আইইডি বিস্ফোরণে সোমবার অসম রাইফেলসের এক জওয়ান নিহত হয়েছেন। জখম হয়েছেন চার জন। নাগাল্যান্ডের চুমুকেডিমা জেলায় জওয়ানদের এই হতাহতের ঘটনার পর সেনাবাহিনীর তরফে শান্তিরক্ষার আর্জি জানানো হয়েছে। বাহিনীর তরফে বলা হয়েছে বহু কষ্টে শান্তি অর্জিত হয়েছে সে রাজ্যে, তাই সন্ত্রাস যেন এই পরিস্থিতির ব্যাঘাত ঘটাতে না পারে।
মঙ্গলবার দিমাপুরের ৩য় মাইলে অসম রাইফেলস ট্রেনিং সেন্টার স্কুলে ২৮ অসম রাইফেলস ব্যাটেলিয়নের হাবিলদার মহম্মদ ইকবালকে পূর্ণ সামরিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। সেই সময় শান্তিরক্ষার আর্জি জানানো হয়। জম্মুকাশ্মীরের পুঞ্চ জেলার বাসিন্দা ৪৪ বছর বয়সী ইকবাল সোমবার নিহত হন। অসম রাইফেলসের কনভয়ের একটি গাড়িতে আইইডি আঘাত হানলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। অসম রাইফেলসের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাখেরা, সেনাবাহিনী ও অসম রাইফেলসের ঊর্ধ্বতন কর্তারা দিমাপুরে ওই জওয়ানের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
এক আধিকারিক জানিয়েছেন, আহত চার জওয়ানের অবস্থা স্থিতিশীল। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিন লাখেরা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দোষীদের বিচারের আওতায় আনতে নিরাপত্তা বাহিনী সব পদক্ষেপ নেবে। হামলাকারীদের ‘নাগাল্যান্ডের শত্রু’ আখ্যা দিয়ে লাখেরা মানুষের কাছে আর্জি জানান এই ঘটনার কারণে রাজ্যের দীর্ঘদিনের অর্জিত শান্তি যেন বিঘ্নিত না হয়। তিনি বলেন, ‘শান্তিই হলো নাগাল্যান্ডের ভবিষ্যৎ এবং শিশুদের নিরাপত্তার ভিত্তি।’ নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও চুমুকেডিমার এই বোমা বিস্ফোরণকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে অভিহিত করেন। ন্যায়বিচারের আশ্বাস দিয়ে রিও বলেন, ‘আমরা জনগণের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে দেব না।’