ওঙ্কার ডেস্ক: কারাগারের চার দেওয়ালের মাঝে বন্দিদের মধ্যে সংঘর্ষ। আর যার ফলে মৃত্যু হল ২৫ জনের। সংঘাতের ফলে জখম হয়েছেন শতাধিক বন্দি। ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার একটি সংশোধনাগারে। রবিবার থেকে ওই জেলে সংঘর্ষ চলছে বলে জানা গিয়েছে। সোমবার তা দ্বিতীয় দিনে পড়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন কারা আধিকারিক এবং ২০ জন বন্দি রয়েছেন।
রিপোর্ট অনুসারে, দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার পশ্চিম উপকূলের নেগোম্বো কারাগারে এই সহিংসতার ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ, মোতায়েন করা হয় সেনাও। বন্দি ও কারাগারের আধিকারিকদের মধ্যে বিরোধের ফলে এই অস্থিরতার শুরু হয়। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার বন্দিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন বন্দি নিহত এবং ৩৮ জন জখম হয়েছিলেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি কারা কর্তৃপক্ষ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বর্তমানে এই কারাগারে ২,৪১৭ জন বন্দি রয়েছেন বলে জানা গিয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, কলম্বোর উত্তরে নেগোম্বো কারাগারে মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুই বন্দিগোষ্ঠীর মধ্যে রাতভর সংঘর্ষ হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ২৩টি মৃতদেহ আনা হয়েছে এখানে। জখম অবস্থায় শতাধিক বন্দি ও কারারক্ষীকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কারও শরীরে গুলির ক্ষত রয়েছে। কারোর আবার দেহে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এদিকে বন্দিদের মধ্যে এই সংঘর্ষের মাঝে রবিবার রাতে একদল বন্দি ছাদে উঠে গিয়ে নিজেদের মুক্তির দাবি জানান।