ওঙ্কার ডেস্ক: ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক স্থগিত করার সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরশাহি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইউএই-এর অভিযোগ, পারস্য উপসাগরে তাদের জলসীমার কাছে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।হামলায় কোনও ক্ষয়ক্ষতি না হলেও এই ঘটনাকে দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে আবু ধাবি। সেই কারণেই তেহরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরশাহির বিদেশমন্ত্রকের দাবি, গত মঙ্গলবার সমুদ্রে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। সেই সময় জাহাজ লক্ষ্য করে পরপর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। একটি ক্ষেপণাস্ত্র তাদের জলসীমার মধ্যে পড়ে। অন্যটি জলসীমার বাইরে পড়ে বলে দাবি করে আবু ধাবি। হামলায় প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখছে সংযুক্ত আরব আমিরশাহি। দেশটির বক্তব্য, এ ধরনের পদক্ষেপ বাণিজ্যিক জাহাজ চলাচল এবং জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে বাণিজ্য এবং আর্থিক লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ইরান। তেহরানের দাবি, আমিরশাহি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছে। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই আমিরশাহির পদক্ষেপের সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, প্রতিবেশী দেশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আঞ্চলিক আস্থা নষ্ট করতে পারে।