ওঙ্কার ডেস্কঃ ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দিয়েছিল অফিস। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি বদলালো। মার্ক জাকারবার্গের সংস্থা মেটা প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করল। যা সংস্থার মোট কর্মীর প্রায় ১০ শতাংশ। সূত্রের খবর, প্রথম ধাক্কা আসে সিঙ্গাপুর অফিসে। এক বেসরকারি সংস্থার প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৪টে নাগাদ কর্মীদের কাছে ছাঁটাইয়ের ইমেল পৌঁছয়। বিভিন্ন দেশের সময় অনুযায়ী ধাপে ধাপে সেই বার্তা পাঠানো হচ্ছে।
মেটার এইচ আর প্রধান জানিয়েছেন, ৭ হাজার কর্মীকে নতুন কৃত্রিম মেধাভিত্তিক দলে সরানো হবে। বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় ৬ হাজার খালি পদও। পাশাপাশি কমানো হচ্ছে ব্যবস্থাপনার একাধিক স্তর। সবচেয়ে বেশি চাপ পড়ছে ইঞ্জিনিয়ারিং এবং পণ্য উন্নয়ন বিভাগের উপর। চলতি বছর আরও ছাঁটাই হতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে। কারণ, সংস্থার মূল লক্ষ্য এখন কৃত্রিম মেধাকে কাজে লাগানো।
সূত্রের খবর, শুধু মেটা নয়, একই পথে হাঁটছে আরও একাধিক প্রযুক্তি সংস্থা। সিসকো, মাইক্রোসফ্ট, অ্যামাজন, ডিসনি, ওব়্যাকলের মতো সংস্থাতেও শুরু হয়েছে কর্মী ছাঁটাই। বিশেষজ্ঞদের মতে, এটা প্রযুক্তি শিল্পে একটা পরিকাঠামো গত পরিবর্তনের ইঙ্গিত।