ওঙ্কার ডেস্ক: ডায়মন্ড হারবারে জমি দখলের অভিযোগে এ বার তদন্তকারীদের নজরে মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদ। বুধবার গভীর রাতে তাঁর বাড়িতে অভিযান চালাল সিআইডি ও পুলিশ। ডায়মন্ড হারবারের হিংচেবেড়িয়া এলাকায় বিধায়কের বাড়িতে দরজায় ধাক্কা দেন তাঁরা। একাধিক বার ডাকাডাকিও করা হয়। কিন্তু বাড়িতে বিধায়কের দেখা মেলেনি।
জমি দখল সংক্রান্ত একটি মামলায় আগেই নাম জড়িয়েছিল শামিমের। অভিযোগ, গত বছরের অগস্ট মাসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়েছিল জমির মালিককে। এরপর জোর করে সম্পত্তির মালিকানা বদল করা হয়। এই মামলায় অভিযুক্তদের তালিকায় দ্বিতীয় নামটি রয়েছে তৃণমূল বিধায়কের। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি। অভিযোগকারী ডায়মন্ড হারবারের এক মহিলা। তাঁর দাবি, পরিবারের মালিকানাধীন প্রায় ১.৮৫ একর জমি ভয় দেখিয়ে দখল করা হয়েছে। গত বছর শামিম ও তাঁর অনুগামীরা বাড়িতে এসে হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি। মহিলার দাবি, অভিযুক্তদের রাজনৈতিক প্রভাবের কারণে সেই সময় স্থানীয় পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। দীর্ঘদিন ধরে ভয়ে মুখ খুলতে পারেননি বলেও জানিয়েছেন তিনি।
এই পরিস্থিতিতে বুধবার গভীর রাতে বিধায়কের বাড়িতে পৌঁছয় সিআইডির একটি দল। সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার আধিকারিকেরা। দীর্ঘক্ষণ বাড়ির সামনে তল্লাশি ও ডাকাডাকি চলে। যদিও কী কারণে এই অভিযান, সে বিষয়ে পুলিশের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।