ওঙ্কার ডেস্ক : বিদায়ের সঙ্গেই উৎসবের রেশ যেন থামেইনি কুমারটুলিতে। এখানকার প্রতিটি গলি, প্রতিটি কারখানা এখন আবার নতুন করে জেগে উঠেছে কালীপুজোর প্রস্তুতিতে। কোথাও কাঠামো বাঁধা হচ্ছে, কোথাও তুলির টান, আবার কোথাও শিল্পীর হাতে প্রাণ পাচ্ছেন মা কালী। মাটির গন্ধ, রঙের ছোঁয়া আর শ্রমের ঘাম মিশে এক অন্যরকম উৎসবের আবহ তৈরি করেছে এই পাড়া।
দুর্গাপুজো শেষ হতেই কারিগরদের হাতে এসে পড়েছে কালীপুজোর অর্ডার। কেউ ঘুম ভুলে দিনরাত কাজ করছেন, কেউ আবার বিদেশে পাঠানোর জন্য প্রতিমা মোড়াচ্ছেন যত্ন করে। এবছর নাকি অর্ডারও আগের চেয়ে অনেক বেশি —
তবে চাহিদা যত বাড়ছে, চিন্তাও তত — কাঁচামালের দাম বেড়েছে, সময় কম, কিন্তু তবুও মুখে ক্লান্তি নেই। কারণ, এটাই তো কুমারটুলি — যেখানে মাটির সঙ্গে মিশে আছে শিল্প, পরিশ্রম আর বিশ্বাস। কালীপুজোর আগে তাই আবারও এই পাড়ায় ফিরে এসেছে উৎসবের রঙ, আলোর উচ্ছ্বাস আর একটাই কথা — মা আসছেন!”
