নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: গত ২৫ জুন কলকাতার কসবার ল কলেজে ধর্ষণের শিকার হয়েছেন তরুণী। যা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ওই দিন কলেজে ফর্ম পূরণ করতে গিয়ে নৃশংস অত্যাচারের শিকার হন তরুণী। কী ভাবে পুরনো পরিচিতরা তাঁকে ধর্ষণ করলেন সে বিষয়ে পুলিশকে সবিস্তারে জানিয়েছেন নির্যাতিতা। সেই অভিযোগপত্র হাতে এসেছে সংবাদ মাধ্যমের।
নিজের বয়ানে নির্যাতিতা তরুণী জানিয়েছেন, গত ২৫ মে পরীক্ষার ফর্ম পূরণের জন্য তিনি কলেজে গিয়েছিলেন। দুপুরে ফর্ম পূরণের কাজ সারা হয়ে যায়। এর পর তিনি ইউনিয়ন রুমে যান। এর পর তৃণমূলের ছাত্র সংগঠনের এক নেতা তাঁকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু নির্যাতিতা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অভিযোগ এর পর তাঁকে গার্ডস রুমে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে ওই অভিযুক্ত। যখন তাঁর উপর অত্যাচার করা হয় তখন প্রাণপণে বাধা দিয়েছিলেন তরুণী। কিন্তু পেরে ওঠেননি তিনি। অভিযোগ, যখন নির্যাতিতার উপর অত্যাচার চালানো হচ্ছিল সেই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে অভিযুক্তের দুই বন্ধু।
নির্যাতিতা ছাত্রীর আরও অভিযোগ, ধর্ষণে বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে হুমকি দিতে শুরু করে অভিযুক্ত। শুধু তাই নয়, তরুণীর প্রেমিককে খুন করার ও বাবা-মাকে পুলিশ দিয়ে গ্রেফতার করানোর হুমকি দেয় সে। বিবস্ত্র অবস্থার ভিডিও রেকর্ড করে সেগুলি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে।
