ওঙ্কার ডেস্ক: আগামী ২২ অগস্ট কলকাতায় একসঙ্গে তিনটি মেট্রো রুট চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। রেলবোর্ড সূত্রে খবর, ওই দিনই যাত্রী পরিষেবায় যুক্ত হবে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ, নোয়াপাড়া-বিমানবন্দর রুট এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশ। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই হবে এই উদ্বোধন।
মঙ্গলবার রেলবোর্ডের চেয়ারম্যান কলকাতায় এসে হাওড়া-শিয়ালদহ, বেলেঘাটা-রুবি, নোয়াপাড়া-বিমানবন্দর এবং এসপ্ল্যানেড-নোয়াপাড়া অংশের প্রস্তুতি খতিয়ে দেখেছেন। যদিও উদ্বোধনী অনুষ্ঠান শিয়ালদহ থেকে হবে না এসপ্ল্যানেড থেকে, তা এখনও চূড়ান্ত হয়নি।
জানা যাচ্ছে, রুবি থেকে বেলেঘাটা অংশে থাকছে পাঁচটি স্টেশন রুবি, ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত (সায়েন্স সিটি সংলগ্ন) এবং বেলেঘাটা। অন্যদিকে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত স্টেশনগুলো হবে কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত ও হেমন্ত মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই রুবি-বেলেঘাটা রুট চালুর অপেক্ষায় ছিল শহরবাসী। প্রয়োজনীয় অনুমোদন মিললেও পরিকাঠামো ও সংযোগ পরীক্ষা শেষে এবার সবুজ সংকেতের অপেক্ষা। তিনটি রুট একই দিনে চালু হলে দৈনিক যাত্রীসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।
অপরদিকে হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত রুটটির অপেক্ষায় আছে বহু নিত্য যাত্রী। গত বছরই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুট চালু হয়েছে গেছে। গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান, হাওড়া, মহাকরন এবং এসপ্ল্যানেড মোট চারটি স্টেশনে চলে ট্রেন। এখন এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অবধি রুট চালু হলে হাওড়া স্টেশন থেকে শিয়ালদহ স্টেশন পৌঁছাতে ২০ মিনিটেরও কম সময় লাগবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিনই বাংলায় আসছেন এবং দমদমে মেগা জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠানেও তাঁর উপস্থিতির সম্ভাবনা প্রবল। চলতি বছরে এটাই হতে চলেছে তাঁর তৃতীয় রাজ্য সফর।
