ওঙ্কার ডেস্ক: তৃণমূল জমানায় নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে সেবাশ্রয় শিবিরের আয়োজন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামেও এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। কিন্তু পালাবদলের পর বঙ্গে নয়া বিজেপি সরকার আসার পর একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন সেবাশ্রয়ে চিকিৎসা পরিষেবা নিয়ে। কেউ দাবি করেছেন, ওই ক্যাম্পে ভুল চিকিৎসার ফলে পা বাদ গিয়েছে। কেউ আবার দাবি করেছেন, চিকিৎসকদের ভুলে হাত বাদ গিয়েছে। শনিবার বিধানসভায় এই সমস্ত বিষয় উঠে আসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাষণে।
শুভেন্দুর অভিযোগ, সেবাশ্রয় শিবিরে চিকিৎসা করিয়ে কারও পা কাটা গিয়েছে। কারও হাত বাদ গিয়েছে। এদিন অভিষেককে ‘চিটিংবাজ’ বলেও আক্রমণ করেন শুভেন্দু। রাজ্যের প্রশাসনিক প্রধানের অভিযোগ, আল্ট্রাসোনোগ্রাফির মেশিন, এক্স-রে মেশিন বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। এ ছাড়া সরকারি হাসপাতালের ডাক্তারদেরও বাইরে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময়। রোগীদের মেয়াদ-উত্তীর্ণ ওষুধ ওই শিবির থেকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তিনি বলেন, ‘মানুষের জীবনের যাঁরা ক্ষতি করেছেন এবং এই সেবাশ্রয় ক্যাম্পে যাঁদের ক্ষতি হয়েছে, তাঁদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসাবে দেখা হচ্ছে।’ ভারতীয় ন্যায় সংহিতার আওতায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
উল্লেখ্য, সেবাশ্রয় শিবির নিয়ে আগে অভিযোপগ উঠেছিল বেআইনি ভাবে চিকিৎসার সরঞ্জাম, ওষুধ এবং অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করা নিয়ে। অভিষেকের আয়োজিত স্বাস্থ্য শিবিরগুলিতে কাজ করলে শংসাপত্র দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল স্বাস্থ্যকর্মী এবং ইন্টার্ন চিকিৎসকদের। তাঁদের অভিযোগ, তা দেওয়া হয়নি। বাধ্য হয়ে তাঁদের ওই শিবিরগুলিতে যেতে হয়েছে বলে দাবি।