ওঙ্কার ডেস্ক: বরাত পাইয়ে দেওয়ার নাম করে ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক সেনা আধিকারিক। ফোর্ট উইলিয়ামে কর্মরত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ওই উচ্চপদস্থ আধিকারিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাঁকে গ্রেফতার করে বলে খবর।
রিপোর্ট অনুসারে ধৃত সেনা আধিকারিকের নাম হিমাংশু বালি। তিনি কর্নেল পদমর্যাদার অফিসার। ইস্টার্ন কমান্ডের আর্মি অর্ডন্যান্স কোরে পোস্টিং ছিল তাঁর। অভিযোগ, ঘুষের বিনিময়ে দরপত্র পাইয়ে দিতেন তিনি। গত ১৮ মে বিষয়টি নিয়ে এফআইআর দায়ের হয়। তার পর তদন্ত শুরু করে সিবিআই তাঁকে পাকড়াও করে। ধৃত হিমাংশুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভিন রাজ্যের এক ব্যক্তিকে সুবিধা পাইয়ে দিতে নিম্নমানের নমুনায় অনুমোদন দিয়েছিলেন। সিবিআই সূত্রের খবর, কানপুরের যে ব্যক্তিকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন হিমাংশু তাঁর নাম অক্ষত আগরওয়াল। ‘ইস্টার্ন গ্লোবাল লিমিটেড’ নামে তাঁর একটি সংস্থা রয়েছে। ওই সংস্থার বিরুদ্ধেও মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কলকাতার ইস্টার্ন কমান্ড ‘ইস্টার্ন গ্লোবাল লিমিটেড’কে বেশ কিছু দরপত্রে ছাড় দিয়েছিল। আর ছাড় পেতে হিমাংশু এবং অন্য কয়েক জনকে ঘুষ দিতে হয়েছিল বলে অভিযোগ। সোমবার ঘুষের টাকা হিমাংশুর এক পরিচিতের কাছে দিল্লিতে পৌঁছে দিয়েছিলেন অক্ষত। সিবিআই আধিকারিকদের দাবি, একাধিক দরপত্র অক্ষতের সংস্থাকে ঘুষের বিনিময়ে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন হিমাংশু। হিমাংশু ছাড়া আরও কেউ এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সিবিআই।