ওঙ্কার ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীভবনে, সিআইডির দফতরে। তাঁর অনুপস্থিতিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হাজির কলকাতা পুরসভার কর্তারা। বাড়ি ও তার চারপাশ মেপে দেখা হচ্ছে। প্রশ্ন উঠেছে, তবে কি অবৈধ অংশের হদিশ পাওয়া গেছে? তবে কী ভেঙে ফেলা হবে অভিষেকের বাড়ি? যদিও এনিয়ে কোনও জবাব দেননি কলকাতা পুরসভার আবাসন বিভাগের আধিকারিকরা।
১২১, কালীঘাট রোড অর্থাৎ পটুয়াপাড়ার এই বাড়িতেই থাকছেন অভিষেক। এখানেই মঙ্গলবার দুপুরে পৌঁছন কলকাতা পুরসভার কয়েকজন আধিকারিক। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অভিষেক বাড়ি থেকে বেরনোর পর পুর-ইঞ্জিয়াররা পৌঁছে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে বাড়ির চারপাশে মাপজোক শুরু করেন। সেইসঙ্গে কাগজে তা নথিভুক্তও করেন।
এর আগে ‘শান্তিনিকেতন’ বেআইনি নির্মাণের অভিযোগে কলকাতা পুরসভার নোটিস পাঠিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তার বিস্তারিত নকশা চেয়ে পাঠানো হয়। তা পুরসভায় জমা দিতে বেশ খানিকটা সময় চেয়ে নিয়েছিলে অভিষেক। এদিন সেখানেও যান আধিকারিকরা।