স্পোর্টস রিপোর্টার : প্রাক্তন মুখ্যমন্ত্রীর মমতা বন্দোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনকে অনেক ক্রীড়া সংস্থার থেকেই সরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর। এছাড়া মোহনবাগান ফুটবল সচিবের পদেও তিনি থাকবেন কিনা সেই নিয়ে সংশয় আছে।
এই অবস্থায় বিস্ফোরক মমতার ছোট ভাই। এদিন তিনি বললেন, ‘সুভাষ চক্রবর্তীর সঙ্গে কাজ করেছি, মদন মিত্রর সঙ্গে কাজ করেছি। অরূপের সঙ্গে কাজ করিনি। বনিবনা হত না। অরূপ বিশ্বাস আমায় কাজ করতে দিত না। সুজিত বসু মিথ্যে কথা বলে হকি আমার থেকে নিয়ে নিয়েছে। নিশীথ প্রামাণিকের সঙ্গে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন আমি কোণঠাসা। বাড়ি থেকে আমি ত্যাজ্যপুত্র হয়ে গেছি। শুধু ভাইফোঁটা, রাখিতে দিদি ডাকত। আমার যন্ত্রণা কেউ বোঝে না। ২০২৪ সালে বেঙ্গল অলিম্পিক নির্বাচনে আমি দাঁড়াই অরূপ বিশ্বাস থ্রেট কালচার চালিয়ে আমাকে হারায়। সব সংস্থাকে বলে আমাকে ভোট দিলে সরকারের ৫ লাখ টাকা বন্ধ করে দেওয়া হবে। দিদির সঙ্গে দেখা করতে পারতাম না। আমাকে নিরাপত্তা কর্মীরা আটকে দিত।’
এরপর তিনি বলেন,’শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমাকে অনেক আগে বিভিন্ন প্রস্তাব দিয়েছিলেন, সেগুলো রাখতে পারিনি সেটা আমারই দোষ। এখন উনি মুখ্যমন্ত্রী, আমি একবার উনার সঙ্গে দেখা করতে চাই। জানি মুখ্যমন্ত্রী হিসেবে উনার অনেক ব্যস্ত কর্মসূচি। তবুও যদি আমার সঙ্গে একদিন দেখা করেন তাহলে যাব। উনার সময় মত। আমি ময়দানের লোক ময়দান আমি ছাড়বো না।’