ওঙ্কার ডেস্কঃ সাতসকালে পথদুর্ঘটনা কলকাতায়। তপসিয়া মোড়ে উল্টে গেল যাত্রী বোঝাই সরকারি বাস। বাসের পিছনের দিকের কাচ ভেঙে উদ্ধার করা হয় যাত্রীদের। গুরুতর জখম যাত্রীদের চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসটি পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। তপসিয়া মোড়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি উলটে যাওয়ার পর যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। বাসের দরজাটি উপর দিকে উঠে যাওয়ায় যাত্রীদের সেখান থেকে উদ্ধার করা যায়নি। পরে বাসের পিছনের দিকের জানলা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন স্থানীয়রা। গেটের সামনে আটকে ছিলেন বাসের কন্ডাক্টর। তাঁকে চিকিৎসার জন্য চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কী ভাবে এই দুর্ঘটনা ঘটল! দ্রুত গতি নাকি যান্ত্রিক ত্রুটি, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, বাসটির সামনে একটি বাইক চলে এসেছিল। মুখোমুখি সংঘর্ষ এড়াতে বাসটি ঘোরানোর চেষ্টা করেন চালক। তার পরেই পাশের রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি।
