ওঙ্কার ডেস্ক: নিউটাউনের আগুনের রেশ তখনও কাটেনি। তারমধ্যেই শহরের আরেক প্রান্তে ভয়াবহ অগ্নিকান্ড। কাঁকুড়গাছির লোহাপট্টি এলাকার ১৫০ ঘোষবাগান লেনের একটি অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সূত্রের খবর, রাত আড়াইটে নাগাদ শুরু হয় বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল, প্রায় দুই কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে একটি বিস্ফোরণ, তার পর একের পর এক সিলিন্ডার ফাটতে থাকে। প্রায় ২০–২৫ মিনিট ধরে টানা বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘কম করে ১০০টারও বেশি সিলিন্ডার ফাটার আওয়াজ পেয়েছি। মনে হচ্ছিল যেন যুদ্ধ হচ্ছে।’
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। সঙ্গে যোগ দেয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছে প্রশাসন। তবে একই দিনে শহরের দুই প্রান্তে আগুন লাগায় যেমন আতঙ্ক ছড়িয়েছে, তেমনই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
