নিজস্ব সংবাদদাতা : কসবা ধর্ষণকাণ্ডের পর মুখে খুলে বিতর্ক তৈরি করেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। যার পর অস্বস্তিতে পড়ে তাঁকে শোকজ করেছিল জোড়াফুল শিবির। অবশেষে সেই শো কজের জবাব দিলেন কামারহাটির বিধায়ক। নিজের মন্তব্যের জন্য দলের কাছে ক্ষমা চেয়েছেন মদন মিত্র।
সূত্রের খবর, দলের শো কজের চিঠির জবাব মদন মিত্র দিয়েছেন সোমবার রাতে। জবাবি চিঠিতে দলের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি। পাশাপাশি কেন তিনি এই মন্তব্য করেছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন। কামারহাটির বিধায়কের জবাব বিবেচনা করে দলের নেতৃত্ব পরবর্তী সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে কামারহাটির বিধায়ক বলেছিলেন, ‘ওই মেয়েটি যদি ওখানে না যেত, এই ঘটনা তো ঘটত না। যাওয়ার সময়ে যদি কাউকে বলে যেত, দু’জন বান্ধবীকে নিয়ে যেত, বাবা-মাকে নিয়ে যেত, তা হলে এটা ঘটত না। পরিস্থিতির সুযোগ নিয়েছে অভিযুক্তেরা।’ মদনের এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়। দলের তরফে দূরত্ব তৈরি করা হয়। একইসঙ্গে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী রবিবার শো কজের চিঠি পাঠান মদনকে। সেই চিঠিতে বলা হয়, কসবার ল কলেজে পাশবিক ঘটনায় দলের সর্বোচ্চ নেতৃত্ব দুঃখ প্রকাশ করেছেন। ঘটনার নিন্দা জানানো হয়েছে। তার পরেও মদন মিত্রের অপ্রয়োজনীয় মন্তব্য দলের ভাবমূর্তি নষ্ট করেছে। শো কজের চিঠিতে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।
