গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা: বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর অবশেষে হদিশ মিলল নাবালিকার। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট এলাকা থেকে তাকে উদ্ধার করল পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার পুলিশ। সূত্রের খবর, নাবালিকাকে অপহরণের অভিযোগে ইতিমধ্যে মগরাহাট এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সম্পর্কে বাবা ও ছেলে বলে জানা গিয়েছে।
পুলিশে সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম অমিত হালদার এবং তাঁর বাবা মাধাই হালদার। দু’জনেই মগরাহাট এলাকার বাসিন্দা। বিগত কয়েকদিন আগে মন্তেশ্বর থানা এলাকা থেকে ওই নাবালিকা নিখোঁজ হয়েছে বলে জানা যায়। পরিবারের তরফে বহু খোঁজাখুঁজি করা হলেও কোনও খোঁজ মেলে না তার। অবশেষে আতঙ্কে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। মন্তেশ্বর থানায় নাবালিকাকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট এলাকার এক যুবকের সঙ্গে নাবালিকার যোগাযোগের সূত্র পাওয়া যায় বলে জানায় পুলিশ। সেই সূত্র ধরেই বিভিন্ন খোঁজখবর করে পুলিশ জানতে পারে, নাবালিকা মগরাহাট থানা এলাকায় রয়েছে। এরপর মন্তেশ্বর থানার পুলিশের একটি দল মগরাহাট এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই নাবালিকাকে উদ্ধার করা হয়। পাশাপাশি অপহরণের অভিযোগে অমিত হালদার এবং তাঁর বাবা মাধাই হালদারকে গ্রেফতার করে পুলিশ।