ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আবহে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন সে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বাণিজ্য ও সার্বিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে তাঁর এই দিল্লি সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে তাঁর। বর্তমান ইরানে প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করায় তাঁকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী ।
কূটনৈতিক সূত্রে খবর, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় প্রধানমন্ত্রী মোদী চলমান মধ্যপ্রাচ্য সংকটের বিষয়টি উত্থাপন করেন। প্রধানমন্ত্রী মোদী জোর দিয়েছেন, নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষার উপর। ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে এই বিষয়টিকে তুলে ধরেছেন মোদী। এ ছাড়া পশ্চিম এশিয়ায় সংকটের একটি স্থায়ী সমাধানের জন্য ভারত দৃঢ়ভাবে ‘আলোচনা ও কূটনীতি’-কে চূড়ান্ত পথ হিসেবে অভিহিত করেছে। জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি পণ্যবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিয়েও সরব হয়েছেন তিনি।
প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ানের ভারত সফর এমন এক সময়ে হচ্ছে, যখন কিনা মার্কিন যুক্তরাষ্ট্র ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু করেছে। যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে। ওয়াশিংটনের এই অভিযানের লক্ষ্য হল ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করে দেওয়া। ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়ানোর জন্য ব্রিকস প্রয়োজন। তাঁর মতে, ডলারের ওপর নির্ভরতা কমাতে এবং মার্কিন আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই ব্রিকস ব্যাংক তৈরি করা হয়েছে।