ওঙ্কার ডেস্ক: আরজি কর কাণ্ডের প্রথম বর্ষপূর্তিতে বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার বাবা মা। গত শনিবার সেই অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আক্রান্ত হয় পুলিশও। পুলিশ আধিকারিককে রাস্তায় ফেলে মারধরের অভিযোগে উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করলেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম চন্দন গুপ্ত। ৪০ বছর বয়স তাঁর। মঙ্গলবার কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ওই যুবক জগদ্দলের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার দিনের একাধিক ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তাতে চন্দনকে দেখা গিয়েছে পুলিশকে আক্রমণ করতে। কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল থেকে মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ (১), ১২১ (২) এবং ৩ (৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে ৯ আগস্ট নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় পতাকা ছাড়া সেই অভিযানে অংশ নিয়েছিলেন বহু বিজেপি কর্মী সমর্থকও। পুলিশের তরফে নিষেধাজ্ঞা থাকলেও, তা উপেক্ষা করে নবান্নের উদ্দেশে ধর্মতলা থেকে মিছিল পার্ক স্ট্রিট যায়। কিন্তু সেখানে মিছিল আটকে দেয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধস্তাধস্তি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, পুলিশের এক কনস্টেবলকে রাস্তায় ফেলে মারধরেরও।
