নিলয় ভট্টাচার্য, নদিয়া : কালীগঞ্জে বোমা মারার ঘটনায় গ্রেপ্তার আরো একজন । এবার ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল। সোমবার কালীগঞ্জের উপর নির্বাচনের ফলাফল ঘোষণার পরে সিপিএম সমর্থকদের বাড়িতে বোমা ফেলার অভিযোগ আগেই উঠেছিল। বোমার আঘাতে মৃত্যু হয়েছিল এক নাবালিকার। ইতিমধ্যেই নাবালিকার পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।
এই ঘটনায় আগেই চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। মঙ্গলবার রাতে এই মর্মান্তিক ঘটনায় আরো একজনকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃতের নাম শারিফুল শেখ। এখনো পুলিশের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে।
অন্যদিকে বুধবার ঘটনাস্থল মোলান্দি গ্রামে এসে উপস্থিত হয় ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। তারা ঘটনাস্থলে এসেই এলাকার বিভিন্ন জায়গা থেকে কিছু নমুনা সংগ্রহ করে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর সোমবার কালিগঞ্জ উপনির্বাচনের ফলাফল ঘোষণার পরই দুষ্কৃতীরা সকেট বোমা নিয়ে হামলা করেছিল। আর সেই বোমার আঘাতেই মৃত্যু হয়েছিল চতুর্থ শ্রেণীর এক নাবালিকার। পরিবারের তরফ থেকে দাবি জানানো হয়েছে এই ঘটনায় দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায়। বর্তমানে এই ঘটনায় কালিগঞ্জ থানার পুলিশ তদন্ত চালাচ্ছে।
