ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চার জন। একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দেওয়ার ফলে মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। এদিন ভোরে ঘটা এই প্রাণঘাতী দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে দুই মহিলা ও একটি শিশু রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টে নাগাদ সিভিল লাইন্স থানার ভারুলা গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। একটি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দিলে গাড়িতে থাকা চার জনই ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রথমে মৃতের সংখ্যা পাঁচ বলে জানানো হলেও, পরে এক মহিলা যাত্রীকে জেলা হাসপাতালের কর্মীরা সিপিআর প্রয়োগ করে প্রাণ ফেরান। এক পুলিশ আধিকারিক বলেন, সংঘর্ষের ফলে গাড়িটি দুমড়েমুচড়ে গিয়েছে। উদ্ধারকারী দল দীর্ঘ প্রচেষ্টার পর যাত্রীদের বের করে আনতে সক্ষম হন। নিহতরা অনুপপুর জেলার লিলহাতোলার বাসিন্দা। তাঁরা সাতনা জেলার তীর্থস্থান চিত্রকূটে যাচ্ছিলেন বলে জানা গেছে। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অলোক কুমার শর্মা জানান, দুর্ঘটনাটি সিদ্ধাবাবা ধাম ভারুলার কাছে ঘটেছে।
এএসপি প্রথমে দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যুর কথা জানালেও, মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ভিএস চান্দেল জানান, গাড়ির পঞ্চম যাত্রীকে প্রথমে মৃত বলে মনে করা হয়েছিল। কিন্তু জেলা হাসপাতালের কর্মীরা সিপিআর প্রয়োগ করে তাঁর জ্ঞান ফেরান। তবে তাঁর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। হাসপাতালের তরফে জানানো হয়েছে, উন্নত চিকিৎসার জন্য তাঁকে কাটনি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।