ওঙ্কার ডেস্ক: নানা সময়ে এনকাউন্টারের জন্য সংবাদ শিরোনামে উঠে আসে উত্তরপ্রদেশ পুলিশ। সাম্প্রতিককালে প্রকাশিত তথ্য অনুসারে সে রাজ্যে গত ৯ বছরে মোট ১৭,০৪৩টি এনকাউন্টার অভিযান চালানো হয়েছে। যার ফলে ২৮৯ জন অপরাধী নিহত হয়েছে। শুধু তাই নয় এই এনকাউন্টারের ফলে জখম হয়েছে ১১,৮৩৪ জন অভিযুক্ত। এ ছাড়া গ্রেফতার করা হয়েছে ৩৪,২৫৩ জনকে।
রিপোর্ট অনুসারে, দুষ্কৃতীদের সঙ্গে এই গুলিযুদ্ধে শুধু অপরাধীরা নিহত হয়নি, প্রাণ হারিয়েছেন পুলিশের সদস্যরাও। এনকাউন্টার অভিযান চালানোর সময় কর্তব্যরত অবস্থায় ১৮ জন পুলিশ কর্মী নিহত হয়েছেন এবং ১,৮৫২ জন জখম হয়েছেন। এনকাউন্টার অভিযানে শীর্ষে মিরাট। এই অঞ্চলে সর্বাধিক এনকাউন্টার অভিযান চালানো হয়েছে। পুলিশ এখানে ৪,৮১৩টি এনকাউন্টার চালিয়ে ৮,৯২১ জন অপরাধীকে গ্রেফতার করেছে। জখম হয়েছেন ৩,৫১৩ জন। রিপোর্ট অনুসারে, মিরাটে এনকাউন্টারের ফলে ঘটনাস্থলেই ৯৭ জন অপরাধী নিহত হয়েছে, যা রাজ্যে সর্বোচ্চ। এক্ষেত্রে ৪৭৭ জন পুলিশ কর্মী আহত হয়েছেন, এবং কর্তব্যরত অবস্থায় দুজন পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বারাণসী। এই জোনে ১,২৯২টি এনকাউন্টার চালিয়ে পুলিশ ২,৪২৬ জন অপরাধীকে গ্রেফতার করার পাশাপাশি ২৯ জনকে নিকেশ করেছে। এই সময়ে ৯০৭ জন অপরাধী এবং ১০৪ জন পুলিশ কর্মী আহত হয়েছেন।
এনকাউন্টারে তৃতীয় স্থানে রয়েছে আগ্রা জোন। এই জোনে ২,৪৯৪টি এনকাউন্টার অভিযান চালিয়ে পুলিশ ৫,৮৪৫ জনকে পাকড়াও করার পাশাপাশি ২৪ জনকে হত্যা করেছে। জখম হয়েছেন ৯৬৮ জন। এ ক্ষেত্রে ৬২ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। বেরেলি জোনে ২,২২২টি এনকাউন্টারে ২১ জন অপরাধী নিহত হয়েছে। লখনউ জোনে ৯৭১টি এনকাউন্টারে ২০ জনের মৃত্যু হয়েছে। কমিশনারেটগুলির মধ্যে গাজিয়াবাদে সর্বাধিক অপরাধীর মৃত্যু হয়েছে। ৭৮৯টি এনকাউন্টারে মোট ১৮ জন অপরাধী নিহত হয়েছে।
জোন এবং কমিশনারেট অনুযায়ী এনকাউন্টার অভিযানের তালিকা
• কানপুর জোন: ৭৯১টি এনকাউন্টারে ১২ জন অপরাধী নিহত
• কানপুর কমিশনারেট: ২৫৩টি এনকাউন্টারে ৪ জন অপরাধী নিহত
• লখনউ কমিশনারেট: ১৪৭টি এনকাউন্টারে ১২ জন অপরাধী নিহত
• আগ্রা কমিশনারেট: ৪৮৯টি এনকাউন্টারে ১০ জন অপরাধী নিহত
• বারাণসী কমিশনারেট: ১৪৬টি এনকাউন্টারে ৮ জন অপরাধী নিহত
• প্রয়াগরাজ কমিশনারেট: ১৫০টি এনকাউন্টারে ৬ জন অপরাধী নিহত
• প্রয়াগরাজ জোন: ৬৪৩টি এনকাউন্টারে ১১ জন অপরাধী নিহত
• গোরখপুর জোন: ৬৯৯টি এনকাউন্টারে ৮ জন অপরাধী নিহত
• গৌতম বুদ্ধ নগর: ১,১৪৪টি এনকাউন্টারে ৯ জন অপরাধী নিহত