ওঙ্কার ডেস্ক: বেআইনি অর্থ লেনদেনের মামলায় কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তাঁর মেয়ের বাসভবনে বুধবার তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির এই অভিযানের প্রতিবাদে বুধবার তিরুবনন্তপুরমে ইডি আধিকারিকদের গাড়িতে হামলার অভিযোগ সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে।
রিপোর্ট অনুসারে, অভিযানের পর বুধবার ইডির তদন্তকারী দলের গাড়িটি যখন চলে যাচ্ছিল। সেই সময় সিপিএমের কর্মীরা সেটিকে আটকে দেয়। গাড়িটিতে কয়তেক জন মহিলা আধিকারিকও ছিলেন। সিপিআইএম কর্মীরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। সেই সঙ্গে ইট ও লোহার রড দিয়ে গাড়ির কাঁচে আক্রমণ করে বিক্ষোভকারীরা। ফলে গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে যায়। ইডির ওই টিমে চার আধিকারিকের পাশাপাশি আট সিআরপিএফ সদস্য ছিলেন। গোটা ঘটনায় জখম হয়েছেন এক গাড়ির চালক। তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাড়িকে লক্ষ্য করে যখন হামলা চালাতে থাকে বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকে রাজ্যের রাজধানী শহরে কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। ইডির অভিযানের বিরুদ্ধে বিপুল সংখ্যক দলীয় কর্মী রাস্তায় নেমেছেন। উল্লেখ্য, কেরল জুড়ে ১০টি জায়গায় হানা দিয়েছে এদিন ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা-র সেই অভিযানের মধ্যেই এই বিক্ষোভ শুরু হয়। এই জায়গাগুলির মধ্যে ছিল তিরুবনন্তপুরমে বিজয়নের বর্তমান বাসভবন, কান্নুরে তাঁর পৈতৃক বাড়ি এবং তাঁর জামাই ও প্রাক্তন মন্ত্রী মহম্মদ রিয়াসের কোঝিকোড়ের বাসভবন। এদিন সকালে তল্লাশি শুরু হওয়ার পর বিজয়ন ও তাঁর পরিবারের লোকজন বাড়ির ভেতরেই ছিলেন। বাইরে জড়ো হয়ে কেন্দ্রীয় সংস্থাটির বিরুদ্ধে বিক্ষোভ দেখান কয়েকশো কর্মী সমর্থক।