ওঙ্কার ডেস্ক: আইনের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। জেলে বন্দি ছিল ওই অভিযুক্ত। কিন্তু আদালতের নির্দেশে জামিনে মুক্তি পাওয়ায় তাকে নায়কের সম্মান দিল অনুগামীরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ইতিমধ্যে সেই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা ।
রিপোর্ট অনুসারে, জামিনে ছাড়া পাওয়া ওই অভিযুক্তের নাম সুশীল প্রজাপতি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তাকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানায় অনুগামীরা। সুশীল হিন্দু যুব বাহিনীর প্রাক্তন সদস্য। এক এলএলবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। মুক্তি পাওয়ার পর, সাদা পোশাক পরে এবং গলায় গাঁদা ফুলের মালা পরে ধর্ষণে অভিযুক্ত ওই ব্যক্তি রোডশো করে।
ভিডিওতে দেখা যায়, তার অনুগামীরা সুশীলকে কাঁধে তুলে স্লোগান দিচ্ছে। কার্যত বিজয় মিছিল করে তাকে নিয়ে শোভাযাত্রা করা হয়। অভিযুক্তের সঙ্গে সাধারণ মানুষকে হাত মেলাতেও দেখা যায়। সুশীলের বিরুদ্ধে অভিযোগ, সে আইনের ওই ছাত্রীকে এক আইনজীবীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অজুহাতে একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ করে। প্রায় নয় মাস পর ১৭ মে অভিযুক্ত জামিনে মুক্তি পায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ফুল দিয়ে বরণ করা এবং শোভাযাত্রার ওই ভাইরাল ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে তদন্ত শুরু হয়েছে।