ওঙ্কার ডেস্ক: ভোররাতে উত্তরাখণ্ডের একটি জঙ্গলে ঘটে যায় একটি বিধ্বংসী আগুন! পুড়ে ছাই হয়ে যায় সমস্ত গাছপালা। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় আচমকা আগুন লেগে যায় টিহরি জেলা সদর সংলগ্ন বুডোগি গ্রামের কাছের জঙ্গলে। পরবর্তীতে সেটি দাবানলের রূপ নেয়। টিহরির বিভাগীয় DFO পুনীত তোমার জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দপ্তরের কর্মীরা। অগ্নিকাণ্ডের ফলে প্রায় ১৪ হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে স্বস্তির খবর, ওই এলাকায় কোনও জনবসতি না থাকায় হতাহতের খবর নেই।
এই বিষয়ে ডিসট্রিক্ট ফরেস্ট অফিসার পুনীত তোমার জানিয়েছেন, বন দফতরের উদ্যোগে আগুন নেভানোর কাজ অতি দ্রুততার সঙ্গে করা হয়েছে। তবে কি কারনে আগুন লাগলো তা জানা যায়নি। আগুনের লেলিহান গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় শতাধিক দামি গাছ। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রসঙ্গত, এর আগে উত্তরাখণ্ডের জ্ঞানসু-সালদ রোডের বাসুগাঁওয়ের কাছেও একটি জঙ্গলে আগুন লেগেছিল। SDRF, বন দপ্তর, NDRF এবং ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বুধবার গভীর রাতে SDRF উত্তরাখণ্ড শাখা বাসুগাঁওয়ের কাছে আগুনের খবর পায়। আগুন জঙ্গল সংলগ্ন আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সমস্ত বাহিনীর সমন্বিত এবং অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আসে।