ওঙ্কার ডেস্কঃ বিজেপির তরফ থেকে বড় অফার ছিল। কিন্তু গেরুয়া শিবিরে মন গলেনি বিজয়ের। রাজনীতিতে পা রেখেই একাই লড়ছেন বিজয় থালাপতি। এই প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছে বিজয়ের দল টিভিকে।
আগামী মাসেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। সূত্রের খবর, ভোট ঘোষণার আগে বিজয়কে উপমুখ্যমন্ত্রী পদ এবং ২৩৪টি আসনের মধ্যে ৮০টি ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ভোট ঘোষণার পরে প্রস্তাব দেওয়া হয়, কিছু সময় মুখ্যমন্ত্রী থাকবেন বিজয়। আসনের ৫০ শতাংশও ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু তাতে কাজের কাজ হয়নি। বিজয়ের মন গলেনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে বিজয় বলেছিলেন, “আমরা ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়ের পক্ষে। তাই আমরা কোনওদিন কারোর সঙ্গে আপোস করব না। অনেকেই খবর ছড়াচ্ছে আমি তাদের জোটে অংশ নেব। কিন্তু আমাকে সামলানো তাদের কাজ নয়।” সূত্রের খবর, পন্ডিচেরির ৩০টি আসনেই প্রার্থী দিয়েছে বিজয়ের দল। তামিলনাড়ু নির্বাচনেও একাই প্রতিদ্বন্দ্বিতা করবে টিভিকে।
উল্লেখ্য, এবারই প্রথমবার ভোটযুদ্ধে নামছে বিজয়ের দল। টিভীকে অল্প সময়ের মধ্যেই তামিলনাড়ুর আমজনতার মনে জায়গা করে নিয়েছে। সেকারণেই গেরুয়া শিবির চেয়েছিল, বিজয়ের আকাশছোঁয়া জনপ্রিয়তাকে নিজেদের ভোটবাক্সে টেনে আনতে। কিন্তু গেরুয়া শিবিরের প্রস্তাবে সায় দেননি দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি।