অর্পিতা মুখার্জী, কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার তদন্ত কতদূর এগোল, তা জানিয়ে শুক্রবার শিয়ালদহ আদালতে ফের নথি জমা দিল সিবিআই। এটা এই মামলায় কেন্দ্রীয় সংস্থার দেওয়া ১৪তম রিপোর্ট।
তদন্তের দায়িত্ব এখন নতুন দলের হাতে। কলকাতা পুলিশের পর সিবিআই তদন্ত শুরু করলেও মাঝে তদন্তকারী অফিসার বদল হয়েছে। বর্তমানে দলটির নেতৃত্ব দিচ্ছেন সন্দীপনি গর্গ। তাঁর দল দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার আদালতকে অগ্রগতি জানাল।
সূত্রের খবর, এবারের রিপোর্টটি মাত্র তিন পাতার। তবে তাতে বেশ কিছু নতুন তথ্য রয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন গোয়েন্দারা। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই বেশ কয়েকজনকে জেরা করা হয়েছে।
শুধু পরিবার নয়, ঘটনার দিন হাসপাতালে যাঁরা ছিলেন, তাঁদেরও জবানবন্দি নেওয়া হয়েছে। ওই রাতের সিসি ক্যামেরার ফুটেজ, মোবাইল-সহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি ও কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। যে শ্মশানে নির্যাতিতার শেষকৃত্য হয়েছিল, সেখানে সেদিন উপস্থিত থাকা লোকজনদের সঙ্গেও কথা বলেছে সিবিআই।
অন্য দিকে, এই মামলায় প্রমাণ নষ্টের অভিযোগে নাম উঠেছে পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে-র। গত মাসেই তাঁকে হেফাজতে নিয়েছিল সিবিআই। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা ছিল। সেটিকেও এই মামলার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।