ওঙ্কার ডেস্ক: সমস্ত জল্পনা অবসান ঘটিয়ে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন। শনিবারই তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোদী ও শাহ। থাকবেন একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তৃণমূল জমানায় রাজনৈতিক হিংসার ফলে নিহত হয়েছেন যে সমস্ত বিজেপি কর্মীরা, শপথ অনুষ্ঠানে শনিবার তাঁদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিজেপির এক নেতা বলেন, কর্মী সমর্থকদের ত্যাগ ও পরিশ্রম, ঘাম ও রক্তের বিনিময়ে বিজেপি আজ এই জায়গায় পৌঁছেছে। যারা বিজেপি করার কারণে তৃণমূলের গুন্ডাদের হাতে খুন হয়েছেন তাঁদেরকে ভুলে যায়নি দল। তাই শপথগ্রহণ অনুষ্ঠানে নিহতদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রসঙ্গত, ৯ মে শপথ গ্রহণের দিন নির্ধারণের ক্ষেত্রে বিজেপি বাঙালি আবেগে শান দিয়েছে। কারণ ওই দিন ২৫ বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই শপথ অনুষ্ঠানে বাঙালিয়ানাকে ছুঁতে নবনির্বাচিত বিজেপি প্রার্থীদের ধুতি, পাঞ্জাবি পরতে বলা হয়েছে। আর মহিলাদের পরতে বলা হয়েছে শাড়ি। শপথগ্রহণ অনুষ্ঠানে সকাল থেকে মঞ্চে রবীন্দ্রসঙ্গীত বাজবে।
অন্য দিকে, শপথ গ্রহণ অনুষ্ঠানে ঝামলুড়ি এবং রসগোল্লার ব্যবস্থা রাখা হচ্ছে। নির্বাচনের আগে ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি দোকান থেকে ১০ টাকা দিয়ে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন। যার পর থেকে সেই বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে জোর চর্চা শুরু হয়েছিল। বাঙালি আবেগ ছুঁতে মোদী ওই ঝালমুড়ি খেয়েছিলেন বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। প্রধানমন্ত্রীর সেই ঝালমুড়ি রাজনীতিকে আরও জনপ্রিয় করতে এই আয়োজন বলে মনে করা হচ্ছে। শনিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে চলবে দীর্ঘক্ষণ। লম্বা সময়ের এই অনুষ্ঠানে বহু আমন্ত্রিতদের সমাগম হবে বলে বিজেপি সূত্রে খবর।