ওঙ্কার ডেস্ক: নিয়োগ দুর্নীতির শেষ মামলা থেকে জামিন মিলল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। বেশ কিছু শর্ত সাপেক্ষে শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ পার্থের জামিন মঞ্জুর করেন। তবে জামিন পেলেও এখনই জেল থেকে বের হতে পারবেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।
জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আরও বেশ কয়েক দিন জেলে থাকতে হবে। এর আগে গত ১৮ আগস্ট পার্থের জামিন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, জামিনের বন্ড করার আগে চার্জ গঠন করতে হবে নিম্ন আদালতকে। চার সপ্তাহের মধ্যে সেই চার্জ গঠন করার কথা নিম্ন আদালতের। তার পরে আট সপ্তাহের মধ্যে এই মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নিতে হবে। তার পরেই পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিতে পারবে নিম্ন আদালত।
গত ২৭ ডিসেম্বর প্রাথমিকে নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেখানে নাম ছিল অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্যায়দের। যদিও এই মামলায় পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হন। ফলে অভিযুক্তদের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়। নিয়োগ মামলায় অনেকে জামিন পেলেও পার্থকে কেন জামিন দেওয়া হচ্ছে না, তা নিয়ে আদালতে সওয়াল করেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। যদিও সিবিআইয়ের যুক্তি, পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী। নিয়োগ দুর্নীতির ‘মূল মাথা’ তিনি। তাই জেল থেকে ছাড়া পেলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।
