ওঙ্কার ডেস্ক: তীর্থযাত্রায় সামিল হয়ে অসুস্থ ৬০০ জনের বেশি। ইরাকের পবিত্র শহর কারবালা যাওয়ার পথে জল শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিকের ফলে শ্বাসকষ্ট শুরু হয় তীর্থযাত্রীদের। অসুস্থ হয়ে পড়ায় সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর সুস্থ হওয়ায় সবাইকে ছেড়ে দেওয়া হয়।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইরাকের কেন্দ্রস্থলে এবং দক্ষিণে অবস্থিত দুটি শিয়া পবিত্র শহর নাজাফ এবং কারবালার মধ্যবর্তী পথে শনিবার রাতে এই ঘটনা ঘটেছে। চলতি বছরে, কয়েক লক্ষ শিয়া মুসলিম তীর্থযাত্রী কারবালায় যাবেন বলে আশা করা হচ্ছে। যেখানে ইমাম হুসেন এবং তাঁর ভাই আব্বাসের মাজার রয়েছে। সেখানে শিয়া মুসলিমরা নবী মুহাম্মদের দৌহিত্র হুসেনের মৃত্যুকে স্মরণ করে আরবাইন অর্থাৎ ৪০ দিনের শোককাল উদযাপন করবেন। একটি বিবৃতিতে, ইরাকের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘কারবালায় ক্লোরিন গ্যাস লিকেজ হওয়ার পর ৬২১ টি শ্বাসকষ্টজনিত সমস্যা রেকর্ড করা হয়েছে।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘সবাই প্রয়োজনীয় চিকিৎসা পেয়েছেন এবং সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।’ তীর্থযাত্রীদের সুরক্ষার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ‘কারবালা-নাজাফ সড়কের একটি জল শোধনাগার থেকে ক্লোরিন লিকেজ’-এর কারণে এই ঘটনা ঘটেছে। কয়েক দশক ধরে চলা সংঘাত এবং দুর্নীতির কারণে ইরাকের বেশিরভাগ অবকাঠামো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এর আগে গত জুলাই মাসে, পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০ জনেরও বেশি লোক নিহত হন। মৃতদের মধ্যে অনেকেই শৌচাগারে শ্বাসরোধ হয়ে মারা গেছেন।
