নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: প্রয়াত হলেন প্রখ্যাত সাহিত্যিক প্রফুল্ল রায়। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। পেয়েছিলেন একাধিক পুরস্কার। গত ১৫ ফেব্রুয়ারি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। দিন দিন শারীরিক অবস্থা সঙ্কট জনক হয়ে ওঠে। ঘনিষ্ঠ জন সূত্রে খবর, তাঁর শ্বাসকষ্ট ছিল।
১৯৩৪ সালে ১১ সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের বিক্রমপুরে জন্মগ্রহণ করেন প্রফুল্ল রায়। দেশভাগের পর ১৯৫০ সালে তিনি চলে আসেন এপার বাংলায়। দেশ ছাড়লেও দেশভাগের যন্ত্রণা তাঁকে কুরে কুরে খেত। প্রফুল্ল রায় লিখেছিলেন কালজয়ী উপন্যাস ‘কেয়াপাতার নৌকো’। বিক্রমপুর অঞ্চলের রাজদিয়া গ্রাম, যেখানে প্রফুল্ল রায় জন্মগ্রহণ করেছেন সেই গ্রামের পটভূমিতে লেখা এই উপন্যাস। ইতিমধ্যে তাঁর লেখাকে অবলম্বন করে একাধিক টেলিফিল্ম তৈরি হয়েছে। সাহিত্যে সাধনার জন্য তিনি পেয়েছেন একগুচ্ছ পুরষ্কার। ‘আকাশের নেই মানুষ’ উপন্যাসের জন্য বঙ্কিম পুরষ্কার পেয়েছেন তিনি। সাহিত্য একাডেমি পুরষ্কার পান উপন্যাস ক্রান্তিকালের জন্য।
প্রফুল্ল রায়ের গল্প ও উপন্যাস অবলম্বনে ৪০টির বেশি টেলিফিল্ম, টেলি-ধারাবাহিক নির্মিত হয়েছে। তার মধ্যে রয়েছে বাঘবন্দী খেলা, ‘মোহনার দিকে’, ‘আদমি অউর অউরত’, ‘ক্রান্তিকাল’, ‘কেয়া পাতার নৌকো’, ‘একান্ত আপন’, ‘চরাচর’, ‘টার্গেট’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’।
