ওঙ্কার ডেস্ক: বিশ্ব রাজনীতিতে নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত। বৃহস্পতিবার চিনে এক মঞ্চে বসতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এশিয়া-প্যাসিফিক ইকনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এই ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। শেনঝেনে আয়োজিত এই সম্মেলন ঘিরে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। ইউক্রেন যুদ্ধ, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ এবং ইরান সংঘাতের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমেরিকার মধ্যবর্তী নির্বাচন এবং আন্তর্জাতিক কূটনীতির ভবিষ্যৎ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বৈঠকে।
১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে ইয়াল্টায় আমেরিকা, ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের শীর্ষ নেতাদের ঐতিহাসিক বৈঠকের সঙ্গে এই সম্মেলনের তুলনা টানা হচ্ছে। তবে তিন রাষ্ট্রপ্রধানের নিজস্ব রাজনৈতিক ও কৌশলগত লক্ষ্য রয়েছে। ফলে এই বৈঠক থেকে কোনও বড় সিদ্ধান্ত বা সমঝোতা আসে কি না, তা এখনও স্পষ্ট নয়। বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইউক্রেন যুদ্ধই অগ্রাধিকার পাবে বলে মনে করা হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিল মস্কো। সেই সংঘাতের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এমনকি ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ থামানোর কথাও বলেছিলেন তিনি।
ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের (ইসিএফআর) সিনিয়র পলিসি ফেলো ফ্রেডরিক ওয়েসলাউ সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, পুতিন চান রাশিয়া, আমেরিকা ও চিন মিলে অন্য দেশগুলির ভূরাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করুক। তবে ইউরোপের নিরাপত্তা নিয়ে ইউরোপীয় দেশগুলিকে বাদ দিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলেও মনে করেন তিনি। অন্য দিকে, হাডসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো সিপোরা ফ্রিডের মতে, আমেরিকা ও চিনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে একই বৈঠকে বসার সুযোগ রাশিয়ার আন্তর্জাতিক মর্যাদাকে আরও প্রতিষ্ঠিত করবে। অর্থনৈতিক শক্তিতে পিছিয়ে থাকলেও বিশ্ব রাজনীতিতে নিজেদের গুরুত্বপূর্ণ অবস্থান তুলে ধরতে পারবে মস্কো। তাঁর মতে, ইউক্রেনের ভূখণ্ড, নিষেধাজ্ঞা কিংবা ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে কোনও ছাড় না পেলেও রাশিয়ার কূটনৈতিক গ্রহণযোগ্যতা বাড়বে।
বৈঠকে পরমাণু অস্ত্রের মজুত নিয়ন্ত্রণের বিষয়টি তুলতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ও রাশিয়ার কাছে পাঁচ হাজারের বেশি করে পরমাণু ওয়ারহেড রয়েছে। অন্য দিকে, চিনের হাতে রয়েছে ৬০০-র বেশি। তুলনামূলকভাবে কম অস্ত্রভান্ডার থাকায় এই বিষয়ে আলোচনায় এত দিন বিশেষ আগ্রহ দেখায়নি বেজিং।