ওঙ্কার ডেস্ক: ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার দুপুরেই বিক্ষিপ্ত বৃষ্টি নামল মহানগরের বিভিন্ন জায়গায়। সন্ধিপুজোর আগেই এদিন কলকাতায় বৃষ্টি শুরু হয়। তবে হাওয়া অফিস জানিয়েছে, এ দিন ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
মঙ্গলবার দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। যার ফলে পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে যারা শহরমুখী হয়েছিলেন তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। যদিও দুপুরের পর বৃষ্টির বিরাম স্বস্তি দিয়েছে দর্শনার্থীদের। অষ্টমীর দুপুরে দর্শনার্থীদের পুজোর আনন্দ বৃষ্টিতে মাটি হলেও সন্ধ্যায় সে রকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন আবহবিদরা। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নবমীতে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। তার ফলে বুধবার রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, দশমীতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১ অক্টোবর আন্দামান সাগরে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হুগলির মতো জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কলকাতা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
