ওঙ্কার ডেস্ক: ইবোলা ভাইরাসে সংক্রমিত সন্দেহে এক মহিলাকে আইসোলেশনে রাখা হল রাজস্থানে। ওই মহিলা উগান্ডা থেকে সে রাজ্যে বেড়াতে এসেছিলেন। ইতিমধ্যে ওই বিদেশি নাগরিকের দেহ থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁর জন্য সতর্কতামূলক ব্যবস্থা বজায় থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য প্রশাসন।
শুক্রবার সকালে শারজাহ থেকে জয়পুরে আসেন উগান্ডার ওই মহিলা। তাঁকে বিমানবন্দরে পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেই সময় ইবোলা ভাইরাস সংক্রমিতের যে যে উপসর্গ থাকে তাঁর দেহে সেই উপসর্গ ধরা পড়ে। এরপর তাঁকে জয়পুরের আরইউএইচএস হাসপাতালে ভর্তি করে আইসোলেশনে রাখা হয়। পরীক্ষার জন্য ওই মহিলার নমুনা পুনের একটি ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। অন্য দিকে এই মারণ ভাইরাসের উপসর্গ শনাক্ত হওয়ার পর স্বাস্থ্য দফতর উচ্চ সতর্কতা জারি করেছে। রাজস্থান ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস (আরইউএইচএস)-এর সুপার অনিল গুপ্তা জানিয়েছেন, ইবোলা ভাইরাস এখনও নিশ্চিত হয়নি। রিপোর্ট হাতে পেলেই সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। রিপোর্টটি শুক্রবার সন্ধ্যায় বা শনিবার সকালের মধ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক সুদানি নাগরিককে সেকেন্দ্রাবাদের গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদেশি যাত্রীদের থার্মাল স্ক্রিনিংয়ের সময় বিমানবন্দরের স্বাস্থ্য আধিকারিকরা তাঁর দেহে জ্বর শনাক্ত করেন। এর পর এই পদক্ষেপ নেওয়া হয়। ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি (সিসিএমবি)-তে পাঠানো হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার দেশবাসীকে কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।