ওঙ্কার ডেস্ক: ঝাড়খণ্ডের সিমডেগায় এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল কংগ্রেস বিধায়ক ভূষণ বরার বিরুদ্ধে। অভিযোগ, রাঁচীতে বিধায়কের সরকারি বাসভবনে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। শুধু যৌন নির্যাতনই নয়, তাকে শারীরিকভাবে হেনস্থা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে বিধায়কের পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, গত ৫ অগস্ট রাঁচীতে তার উপর যৌন নির্যাতন চালানো হয়। এর জেরে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল। পরে জোর করে তার গর্ভপাত করানো হয়। চিকিৎসার জন্য মেডিক্যাল পরীক্ষা করাতে গিয়ে বিষয়টি সামনে আসে। কিশোরীর আরও অভিযোগ, গত মে মাসে বিধায়কের পরিবারের সদস্যরা তাকে রাঁচীতে নিয়ে আসেন। সেখানে স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। বরং তাকে দিয়ে বাড়ির পরিচারিকার কাজ করানো হত। পাশাপাশি চলত শারীরিক নির্যাতন। কাউকে ঘটনার কথা জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগপত্রে জানিয়েছে নির্যাতিতা।
এই ঘটনায় বিধায়ক ভূষণ বরার পরিবারের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে কিশোরী। হাতিয়ার ডেপুটি পুলিশ সুপার নীরজ কুমার জানিয়েছেন, সিমডেগার বিধায়কের বিরুদ্ধে পকসো আইন এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্টের ধারায় মামলা দায়ের করা হয়েছে। অন্য দিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস বিধায়ক। তাঁর দাবি, অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। দল থেকে বহিষ্কৃত কিছু ব্যক্তি তাঁকে রাজনৈতিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে এই অভিযোগ সাজিয়েছেন বলেও পাল্টা দাবি করেন তিনি।