ওঙ্কার ডেস্ক: বক্সার জঙ্গলে ফের উদ্বেগ বাড়াল ডুয়ার্সের বাঘিনি। রবিবার বক্সার অস্থায়ী এনক্লোজারের মাটি খুঁড়ে পালিয়ে যায় সে। রেডিওকলারের সর্বশেষ সংকেত ইঙ্গিত দিচ্ছে, বাঘিনিটি আবার অসমের দিকে যেতে পারে। তবে গত তিন-চার দিনের গতিবিধি বিশ্লেষণ করে বনকর্তাদের একাংশের ধারণা, সে এখনও বক্সা এলাকাতেই রয়েছে। এরই মধ্যে বাঘিনিটির শারীরিক অবস্থা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।
বারবার ঘুমপাড়ানি ওষুধ প্রয়োগ এবং এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে স্থানান্তরের ধকল তার শরীরে কতটা প্রভাব ফেলেছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশুপ্রেমীরা। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চাপও তার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে থাকতে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে সামনে এসেছে একটি প্রতিবেদন। তাতে দাবি করা হয়েছে, বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বাংলায় আনার দীর্ঘ ছয় সপ্তাহে একাধিকবার আহত হয়েছে বাঘিনিটি। পুরোপুরি সুস্থ হওয়ার আগেই তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল। স্থানান্তরের ধকলের জেরে তার গর্ভে থাকা তিনটি শাবকেরও গর্ভপাত হয়েছে বলে প্রতিবেদনে দাবি।
গত ৩ নভেম্বর অসমের কোকরাঝাড় শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে গেলাগুড়ি গ্রামে বাঘিনিটিকে ফের ঘুমপাড়ানি ওষুধ প্রয়োগ করে ধরা হয়। সেই সময়ই তার গর্ভপাতের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে আধিকারিকরা জানতে পারেন, বাঘিনিটি অন্তঃসত্ত্বা ছিল। বাঘিনিটিকে উদ্ধারের পর সুস্থ হওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার সুযোগ ছিল কর্তৃপক্ষের কাছে। কিন্তু সময় ও অর্থের অভাবে বন দফতর হরিণ রাখার একটি খাঁচাকেই তার জন্য এনক্লোজার হিসেবে ব্যবহার করে। অভিযোগ, ওই খাঁচা বাঘিনিকে নিরাপদে আটকে রাখার উপযুক্ত ছিল না। উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও। বক্সা সূত্রের খবর, ঘটনাস্থলে ভিড় বেড়ে যাওয়ায় ঘুমের ওষুধের প্রভাব পুরোপুরি কাটার আগেই বাঘিনিটিকে খাঁচায় ঢুকিয়ে গাড়িতে তোলা হয়। তবে গর্ভপাতের ঘটনা সম্পর্কে কিছু জানা নেই বলে দাবি করেছেন বনমন্ত্রী। বক্সার ফিল্ড ডিরেক্টর কুমার বিমলও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির প্রধান সঞ্জয় কুমার জানিয়েছেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।