নিজস্ব সংবাদদাতা, আসানসোল: কয়লা তোলার জন্য বিস্ফোরণ, আর তার খেসারত দিতে হচ্ছে খনির পাশের বসতির মানুষকে। মঙ্গলবার দুপুরে ইসিএলের সালানপুর এরিয়ার বনজেমারি ওপেন কাস্ট প্রজেক্টে ভারী ব্লাস্টিংয়ের সময় ছিটকে আসা পাথর সোজা এসে পড়ল এক বাসিন্দার ঘরের ভিতরে। ছাদ ভেদ করে পাথর পড়ে গুরুতর জখম হলেন এক মহিলা। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল নিউ কলোনি।
জানা গিয়েছে, নিউ কলোনির বাসিন্দা ত্যাগী পাসওয়ানের বাড়িতে ওই দুর্ঘটনা ঘটে। ব্লাস্টিংয়ের সময় উড়ে আসা একটি বড় পাথর অ্যাসবেস্টসের ছাদ ভেঙে ঘরে আছড়ে পড়ে। সেই সময় ঘরে বসে ছিলেন তাঁর স্ত্রী সঙ্গীতা দেবী। পাথরের আঘাতে তাঁর মাথায় গুরুতর চোট লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বনজেমারি ওসিপিতে দীর্ঘদিন ধরেই ভারী বিস্ফোরণের কারণে আশপাশের বাড়িতে ফাটল ধরছে। বারবার অভিযোগ জানিয়েও কোনও স্থায়ী সমাধান হয়নি। মঙ্গলবারের ঘটনার পর সেই ক্ষোভ ফেটে পড়ে।
দুপুর ৩টা নাগাদ ক্ষুব্ধ গ্রামবাসীরা ওসিপির কয়লা উৎপাদন ও পরিবহণ বন্ধ করে বিক্ষোভে বসেন। তাঁদের দাবি, আহত মহিলার চিকিৎসার সম্পূর্ণ খরচ কর্তৃপক্ষকে বহন করতে হবে, উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, উচ্চপদস্থ আধিকারিকদের এসে আলোচনা করতে হবে এবং জনবসতি লাগোয়া এলাকায় ভারী ব্লাস্টিং স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
প্রায় ৩ ঘণ্টা পর সন্ধ্যা ৬টায় ওসিপির এজেন্টের আশ্বাসে বিক্ষোভ ওঠে। আপাতত সাধারণ ব্লাস্টিং বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। তবে গ্রামবাসীদের বক্তব্য, সাময়িক আশ্বাসে হবে না, স্থায়ী সমাধান চাই। হয় বসতির পাশে ব্লাস্টিং বন্ধ করতে হবে, না হলে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে গোটা গ্রামকে নিরাপদ জায়গায় পুনর্বাসন দিতে হবে।