নিজস্ব প্রতিনিধি, আসানসোল: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল নিমচা ফাঁড়ির পুলিশ। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ থানার জে কে নগর রেলপাড় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ধৃত ব্যক্তির নাম যোগেন্দ্র ভগত, বয়স ৪৮ বছর। তিনি শ্রীরাম ভগতের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
বাড়িতে এত পরিমাণ গাঁজা কী কারণে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
নিমচা ফাঁড়ির এই অভিযানের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ গাঁজা পাচার চক্রের সূত্র খুঁজছে।