ওঙ্কার ডেস্ক: জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় জঙ্গিদের একটি গোপন ডেরার সন্ধান পেল নিরাপত্তা বাহিনী। মেন্ধার এলাকার কাসবলারিতে একটি গুহার ভিতরে হানা দিয়ে ছয়টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি মিলেছে অস্ত্র ও বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হতে পারে, এমন একাধিক সামগ্রী। এই অভিযানের মাধ্যমে বড়সড় নাশকতার পরিকল্পনা বানচাল করা গিয়েছে বলে দাবি বাহিনীর।
নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাসবলারি ও তার আশপাশে তল্লাশি অভিযান শুরু করেন জওয়ানরা। সেই সময় জঙ্গিরা থাকতে পারে এমন একটি গুহার হদিস মেলে। গুহাটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিস্ফোরক ও অন্যান্য সরঞ্জাম। রিপোর্ট অনুসারে, নিরাপত্তা বাহিনীর উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ছয়টি আইইডি। সেগুলি বাদামি রঙের টেপ দিয়ে মোড়া ছিল। এ ছাড়া উদ্ধার হয়েছে একটি ৭.৬২ এলএমজি ম্যাগাজিন, একটি কালো ব্যাগ, একটি কমব্যাট পাউচ এবং একটি অ্যালুমিনিয়ামের পাত্র।
তল্লাশিতে মিলেছে দুটি পাওয়ার অ্যাডাপ্টার। উদ্ধার হয়েছে একটি টিফিন বক্সও। তদন্তকারীদের আশঙ্কা, টিফিন বক্সটিকে বিপজ্জনক আইইডিতে পরিণত করার পরিকল্পনা থাকতে পারে জঙ্গিদের। এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ঘন জঙ্গলের মধ্যে থাকা প্রাকৃতিক গুহাগুলিকে ক্রমশ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে জঙ্গিরা। সেখানে অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রাখার প্রবণতাও বাড়ছে। ওই আধিকারিকের বক্তব্য, পাকিস্তান-সমর্থিত জঙ্গিরা এই ধরনের গুহায় সহজেই আত্মগোপন করতে পারে। ঝোপের মধ্যে গুহায় লুকিয়ে নিরাপত্তা বাহিনীর নজর এড়ানোর চেষ্টা করে। পাশাপাশি, নাশকতার ব্লু প্রিন্টও এই গুহার মধ্যে থেকে তৈরি হয়।