ওঙ্কার ডেস্ক: স্পেশাল ইনটেনসিভ রিভিশনের প্রতিবাদে প্রথম থেকেই সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় এই বিশেষ নিবিড় সমীক্ষার প্রতিবাদে ঠাকুরনগরে মঙ্গলবার পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো। এদিনই বনগাঁয় জনসভা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই জোড়া কর্মসূচি ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে।
সূত্রের খবর, সড়ক পথে প্রথমে বনগাঁয় আসবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে গাড়ি করে গাইঘাটার চাঁদপাড়া পর্যন্ত যাবেন। চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ পদযাত্রা করবেন। সূত্রের দাবি, ঠাকুরনগরে মতুয়া বাড়িতে তৃণমূল সুপ্রিমো যাবেন না। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা বনগাঁ ও ঠাকুরনগরে। মোতায়েন করা হয়েছে এক হাজারেরও বেশি পুলিশকর্মীকে। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। বনগাঁ, গাইঘাটা এলাকায় পুলিশের উচ্চ পদস্থ একাধিক কর্তা আগেই হাজির হয়েছেন। মুখ্যমন্ত্রীর সভা উপলক্ষে মঞ্চ তৈরি করা হয়েছে বনগাঁ-চাকদহ সড়কের উপর।
প্রসঙ্গত, প্রথমে হেলিকপ্টারে চেপে বনগাঁ যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু কপ্টারের ইনসিওরেন্সের সমস্যা থাকায় উড়ান বাতিল করা হয়েছে। ফলে কর্মসূচির সময়েও পরিবর্তন আনা হয়েছে। জানা গিয়েছে, দুপুর ৩টেয় বনগাঁয় জনসভা করবেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘এসআইআর নিয়ে উদ্বাস্তু মতুয়ারা এখন আতঙ্কে রয়েছেন। তাঁদের পাশে থাকার বার্তা দিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগর ও বনগাঁয় আসছেন।’
