ওঙ্কার ডেস্ক : শ্বশুরবাড়ি যাব বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না যুবকের। ২২ দিন পর জঙ্গল থেকে উদ্ধার হল তাঁর বস্তাবন্দি দেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্র নগরে। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম তাজুদ্দিন। গত ১৬ জুলাই শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু বাড়ি থেকে বেরোনোর পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারছিলেন পরিবারের লোকজন। ঘটনাচক্রে ১৭ তারিখ তাজউদ্দিনের মোটর সাইকেল পড়ে থাকতে দেখা যায় আকড়া স্টেশন চত্বরে। এর পরিবারের লোকজন স্থানীয় রাজাবাগান থানায় নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। বুধবার সন্ধ্যায় রবীন্দ্রনগর থানা এলাকার পাঁচুর গাজি পাড়ার একটি জঙ্গল থেকে উদ্ধার হয় ভারী বস্তা। তার মধ্যেই ছিল তাজুদ্দিনের পচা গলা দেহ। পুলিশ রাতেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
অন্য দিকে ছেলের মৃত্যুর পর ক্ষোভে ফুঁসছে তাজুদ্দিনের পরিবার। নিহতের পরিবারের দাবি, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। আর এই গোটা ঘটনায় তাঁরা অভিযোগের আঙুল তুলেছেন মিঠু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়েরও হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি তিন জনকে এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। কী ভাবে ওই যুবকের মৃত্যু হল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে।
