ওঙ্কার ডেস্ক: আগামীমাসের প্রথম সপ্তাহেই স্কুল সার্ভিস কমিশনের ফলপ্রকাশ হতে চলেছে, এমনটাই জানিয়েছে কমিশন। গত সেপ্টেম্বর মাসের ৭ ও ১৪ তারিখে অনুষ্ঠিত হয়েছিল এসএসসির নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। তার দুইমাসের মধ্যেই ফলপ্রকাশে তৎপর কমিশন। ইতিমধ্যেই উত্তরপত্র প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।
এসএসসি-র এক আধিকারিক জানিয়েছেন, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চাকরিপ্রার্থীরা উত্তর চ্যালেঞ্জ করার সুযোগ পান। মোট ৫৩৪টি আবেদন জমা পড়েছে, যা বর্তমানে বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন। তাঁদের যাচাই করা সঠিক উত্তরগুলি চলতি মাসের তৃতীয় সপ্তাহে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষক নিয়োগের ফল প্রকাশের প্রস্তুতি চলছে জোরকদমে। এসএসসি সূত্রের খবর, সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাই এখন প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের টিচার প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। সেসময় ২৫,৭৫২ জন শিক্ষক চাকরিহারা হন। এর প্রতিবাদে একাধিকবার রাস্তায় নেমে বিক্ষোভ করেন চাকরিহারা শিক্ষকরা। আদালতে মামলা দায়ের করেছিলেন তাঁরা। উচ্চ আদালত সমস্ত মামলা খারিজ করে সবার আগে নির্বিঘ্নে পরীক্ষার নির্দেশ দেয়। সুপ্রিমকোর্টের নির্দেশে সেপ্টম্বরের ৭ এবং ১৪ তারিখে পরীক্ষা অনুষ্টিত হয়েছিল। দুই দফায় মোট ৫ লক্ষ ৬৫ হাজার, যাদের মধ্যে ৩৩ হাজার জন ভিনরাজ্যের পরীক্ষার্থীও ছিলেন। প্রসঙ্গত, আগস্ট মাসের ৩০ তারিখে সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি চাকরিপার্থীদের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন।
